উপমহাদেশের সংগীত ভুবনের অন্যতম জনপ্রিয় নাম আতিফ আসলাম। পাকিস্তানি এই সংগীত তারকা একসময় ভারতীয় সিনেমাতেও তুমুল জনপ্রিয় ছিলেন। এবার ভারতের তুলনায় পাকিস্তানের কোক স্টুডিওকে সেরা বলে মত দিয়েছেন তিনি।

সম্প্রতি কোক স্টুডিও পাকিস্তান ও কোক স্টুডিও ইন্ডিয়ার মধ্যে পার্থক্য নিয়ে মন্তব্য করেন আতিফ আসলাম। ১ সেপ্টেম্বর এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতের সংস্করণে অতিরিক্ত বাণিজ্যিকীকরণ করা হয়। আর এর কারণে সংগীতের স্বতঃস্ফূর্ততা ও ‘ম্যাজিক’ অনেকটাই অনুপস্থিত থাকে। অন্যদিকে পাকিস্তানি কোক স্টুডিওর মূল শক্তি হলো মৌলিক সুর ও কম্পোজিশন, যা শ্রোতাদের বেশি আকর্ষণ করে।

মির্চি ইউএইকে দেওয়া ওই সাক্ষাৎকারে আতিফকে প্রশ্ন করা হয়, ভারত ও পাকিস্তানের কোক স্টুডিওর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কোথায়? কোনো রাখঢাক না রেখে হাসতে হাসতে তিনি বলেন, ‘ম্যাজিক। ভারতীয় কোক স্টুডিওতে ম্যাজিকের উপস্থিতি নেই বললেই চলে।’

এর ব্যাখ্যায় আতিফ বলেন, ‘ভারতীয় কোক স্টুডিও বেশি মুনাফার ওপর অনেক নির্ভর করে। অন্যদিকে পাকিস্তানি কোক স্টুডিওতে মৌলিক কম্পোজিশনের ওপর জোর দেওয়া হয়।’

সাক্ষাৎকারে ভারতে পাকিস্তানি তারকাদের কাজ করার ওপর প্রায় এক দশকের নিষেধাজ্ঞা নিয়েও কথা বলেন আতিফ। তিনি জানান, বলিউডকে মিস না করলেও ভারতের ভক্তদের ভীষণ মিস করেন।

‘ওহ লামহে’, ‘তু জানে না’র মতো জনপ্রিয় গানের এই শিল্পী দাবি করেন, এখনো ভারতীয় শ্রোতারা ভিপিএন ব্যবহার করে এবং সিডি কিনে তাঁর গান শোনেন। তাঁর মতে, ভারতে কাজের ওপর নিষেধাজ্ঞা তাঁকে নিজের স্বতন্ত্র সংগীত ক্যারিয়ার গড়ে তুলতে এবং মৌলিক অ্যালবাম তৈরিতে আরও মনোযোগী হতে সাহায্য করেছে।

সংগীতজগতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার নিয়েও নিজের মত জানিয়েছেন আতিফ আসলাম। তাঁর মতে, এআই হয়তো মানুষের কণ্ঠস্বর নকল করতে পারবে, কিন্তু মৌলিক সুর, আবেগ কিংবা বিষয়বস্তুর জায়গা কখনোই পুরোপুরি নিতে পারবে না।

ওই সাক্ষাৎকারে মজার ছলে নিজের ক্যারিয়ারের একটি জনপ্রিয় গান নিয়েও কথা বলেন আতিফ। বলিউডের ‘প্রিন্স’ সিনেমার ‘তেরে লিয়ে’ গানটি নিয়ে তিনি জানান, গানটি তিনি নিজেই গাইতে চাননি। তাঁর মনে হয়েছিল, অন্য কোনো শিল্পী গাইলে হয়তো গানটি আরও ভালো হতো।

এদিকে দীর্ঘ ১৯ বছর পর নতুন অ্যালবাম নিয়ে ফিরেছেন আতিফ আসলাম। ‘সুবাহ আয়ে না’ নামের অ্যালবামটিতে রয়েছে মোট আটটি গান। নতুন এই অ্যালবামের মাধ্যমে আবারও নিজের মৌলিক সংগীত নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন উপমহাদেশের জনপ্রিয় এই শিল্পী।