ঢাকায় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্ট ঘিরে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে দর্শনার্থী ও সাংবাদিকদের মাঝে। আয়োজক প্রতিষ্ঠান 'মেইন স্টেজ ইনকর্পোরেট'-এর অব্যবস্থাপনা, হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে অসংবেদনশীল আচরণের কারণে এই আয়োজনের সার্বিক সফলতা নিয়ে প্রশ্ন উঠেছে।
রাজধানীর ১০০ ফিট সংলগ্ন কোর্টসাইডে আয়োজিত এই কনসার্টে খোলা আকাশের নিচে দর্শকদের জন্য পর্যাপ্ত শেড বা সুরক্ষার ব্যবস্থা না করেই শেষ মুহূর্তে আয়োজকেরা ছাতা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে 'রেইন অ্যালার্ট' দিয়ে রেইনকোট সঙ্গে আনার নির্দেশনা দেওয়া হলে ক্ষোভে ফেটে পড়েন টিকিট ক্রেতারা। বড় ব্যাগ নিষিদ্ধ থাকায় রেইনকোট সাথে রাখা ও বহন করা নিয়েও চরম ভোগান্তিতে পড়েন দর্শকরা।
শুধু ভেন্যু ব্যবস্থাপনা নয়, প্রবেশপথ খোলার সময় বারবার পরিবর্তন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পরস্পরবিরোধী তথ্যের কারণে চরম বিভ্রান্তিতে পড়েন দূরদূরান্ত থেকে আসা গানপ্রেমীরা। এছাড়া গত বৃহস্পতিবার অনুষ্ঠিত আতিফ আসলামের প্রেস কনফারেন্সে মূলধারার সংবাদপত্রের সাংবাদিকদের প্রবেশে বাধা প্রদান ও কন্টেন্ট ক্রিয়েটরদের অগ্রাধিকার দেওয়ার অভিযোগ ওঠে, যা সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি করে।
প্রতিবেদনে আরও জানা যায়, এই আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে অতীতেও দর্শকদের অর্থ আত্মসাতের অভিযোগ ছিল। সামগ্রিক বিশৃঙ্খলা ও সংশ্লিষ্টদের ফোন বন্ধ থাকায় আয়োজকদের পেশাদারত্ব ও উদ্দেশ্য নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী দর্শকেরা।