ভারতীয় সংগীতাঙ্গনের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। প্রেম, বিরহ কিংবা জীবনের নানা অনুভূতি সবকিছুকেই তিনি গানে জীবন্ত করে তুলেছেন। তবে তার এই অনন্য কণ্ঠের পেছনে রয়েছে বছরের পর বছর কঠোর সাধনা ও আত্মনিবেদন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিকের সংগ্রামের কথা তুলে ধরেন এই গায়ক। তিনি জানান, পেশাদার জীবনের শুরুতে নিজের কণ্ঠস্বর নিয়ে মোটেও সন্তুষ্ট ছিলেন না। বরং নিজের গলাকে কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে নিরন্তর পরিশ্রম করেছেন।

অরিজিৎ সিং বলেন, শুরুতে অনেকেই তার কণ্ঠ পছন্দ করতেন না। তাই তিনি যেন একজন ভাস্করের মতো নিজের কণ্ঠকে গড়ে তুলেছেন। দীর্ঘ সময় ধরে রেওয়াজ, নিরলস অনুশীলন এবং নিজেকে বারবার নতুনভাবে তৈরি করার মধ্য দিয়েই আজকের অবস্থানে পৌঁছেছেন তিনি।

রাতভর অনুশীলন করতে করতে কখনো কখনো তার গলা ভেঙে যেত। কিন্তু তাতেও থেমে থাকেননি। নিজের স্বকীয়তা এবং গানের আবেগকে নিখুঁতভাবে প্রকাশ করার জন্য প্রতিনিয়ত নিজেকে শাণিত করেছেন।

২০১৩ সালে আশিকি ২ এর গান তাকে রাতারাতি তারকাখ্যাতি এনে দিলেও, সেই সাফল্যের পেছনে ছিল দীর্ঘ ১৫ বছরের কঠোর পরিশ্রম। সমালোচনা, প্রত্যাখ্যান এবং আত্মসংগ্রাম সবকিছু পেরিয়েই তিনি আজ কোটি ভক্তের হৃদয়ের শিল্পী।

আজ তার কণ্ঠে যে গভীরতা, আবেগ ও মায়া শোনা যায়, তা কোনো একদিনে তৈরি হয়নি। এটি এসেছে অসংখ্য নির্ঘুম রাত, অক্লান্ত সাধনা এবং নিজের প্রতি অবিচল বিশ্বাস থেকে।