নতুন এক গল্প নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। ‘পরী কি শুধু রূপকথাতেই থাকে, নাকি বাস্তবেও আমাদের আশপাশে ঘুরে বেড়ায়?’এমন রহস্যময় প্রশ্ন ছুড়ে দিয়ে নতুন নাটক ‘লালপরী’র ফাস্টলুক প্রকাশ করেছেন তিনি।
সামাজিক মাধ্যমে প্রকাশিত অফিসিয়াল পোস্টারে পরীর আবহে দেখা গেছে স্পর্শিয়াকে। পোস্টারটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘পরী কি শুধু রূপকথাতেই থাকে? নাকি বাস্তবেও তারা ঘুরে বেড়ায় আমাদের আশপাশেই?’ তার এই প্রশ্ন ঘিরেই নাটকটির গল্প নিয়ে দর্শকদের কৌতূহল বেড়েছে।
জোবায়ের আবীর পিয়ালের পরিচালনায় নির্মিত ‘লালপরী’ নাটকে স্পর্শিয়ার বিপরীতে অভিনয় করেছেন ফররুখ আহমেদ রেহান। স্পর্শিয়া জানিয়েছেন, এটি কোনো সিনেমা বা ওয়েব ফিল্ম নয়, নাটক।
ফাস্টলুক প্রকাশের পর স্পর্শিয়ার নতুন চরিত্র ও নাটকটির রহস্যময় আবহ প্রশংসা কুড়িয়েছে। তবে গল্পের আসল চমক জানতে দর্শকদের ট্রেলার প্রকাশ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
গল্পের বিষয়ে বিস্তারিত জানাতে আপাতত নারাজ স্পর্শিয়া। তিনি বলেন, ‘গল্পের বিষয়ে এখনই কিছু বলা যাবে না। কারণ মাত্রই আমাদের ‘ফাস্টলুক’ প্রকাশ পেয়েছে। ট্রেলার প্রকাশের পরই হয়তো গল্প নিয়ে বিস্তারিত বলা সম্ভব হবে।’