মাত্র ১৩ বছর বয়স। সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম মুঠোফোনে প্রকৃতির ছবি তুলতে ভালোবাসত। সেই শখেই গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয়েছিল সে। কিন্তু আর ফেরা হয়নি। নিখোঁজ হওয়ার প্রায় একদিন পর শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ের একটি নির্জন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। সে কুমিল্লার বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবারের পক্ষ থেকে নিখোঁজের পর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল।

অপ্রতিমের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়জুড়ে। ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও সাধারণ শোক ঘোষণা করে রোববারের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে।

ঘটনাটি নাড়া দিয়েছে শোবিজ অঙ্গনের তারকাদেরও। সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রতিমের মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন অনেকে।

অভিনেতা সিয়াম আহমেদ অপ্রতিমের ছবি দেখে নিজের সন্তানের কথা মনে পড়ার কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, অপ্রতিমের ছবিটির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছেন না। বাবা হওয়ার পর কোনো শিশুর এমন খবর দেখলে নিজের সন্তানের মুখই তার চোখের সামনে ভেসে ওঠে বলে জানান তিনি।

সিয়াম আরও বলেন, অপ্রতিমের বাবা-মা ও পরিবারের সদস্যদের এই মুহূর্তের কষ্ট কোনো শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়। ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে সামনে আসা এবং কোনোভাবেই সত্য চাপা না পড়ার প্রত্যাশা জানিয়েছেন এই অভিনেতা। একই সঙ্গে সন্তানদের জন্য আরও নিরাপদ পরিবেশ তৈরির দায়িত্ব সবার বলে উল্লেখ করেন তিনি।

অভিনেতা তৌসিফ মাহবুবও অপ্রতিমের মৃত্যুতে প্রতিক্রিয়া জানিয়েছেন। তার পোস্টে মুঠোফোন ও মানুষের নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি এমন ঘটনার জন্য সমাজের দায় নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

অভিনেত্রী পূজা চেরী অপ্রতিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, একজন মায়ের একমাত্র সন্তান ও একটি পরিবারের স্বপ্ন এভাবে অকালে ঝরে যাওয়া মেনে নেওয়া কঠিন। অপ্রতিমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার জন্য প্রার্থনা করেছেন এই অভিনেত্রী।

পূজা আরও লিখেছেন, ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে সত্য সামনে আসুক এবং যারা দায়ী, তারা যেন আইনের আওতায় আসে। অপ্রতিমের পরিবারের জন্য ন্যায়বিচারের প্রত্যাশাও জানিয়েছেন তিনি।

অভিনেতা ইরফান সাজ্জাদ শোকের পাশাপাশি নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। তার বক্তব্যে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে হতাশা ফুটে উঠেছে। সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার প্রশ্ন তুলে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানান।

এদিকে অপ্রতিমের মৃত্যুর ঘটনায় তদন্ত চালাচ্ছে পুলিশ। সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তুহিন নামে একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে হত্যার প্রকৃত কারণ ও ঘটনার পুরো বিবরণ তদন্তাধীন।

পুলিশ জানিয়েছে, অপ্রতিমের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং মরদেহের সঙ্গে তার মায়ের আইফোনটি পাওয়া যায়নি। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

অপ্রতিমের এমন মৃত্যুতে শোবিজ তারকাদের প্রতিক্রিয়ায় যেমন গভীর শোক প্রকাশ পেয়েছে, তেমনি উঠে এসেছে নিরাপদ পরিবেশ ও সুষ্ঠু বিচারের দাবি। এখন তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার অপেক্ষায় অপ্রতিমের পরিবারসহ সংশ্লিষ্টরা।