হোমিওপ্যাথি চিকিৎসার প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পর সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। তার শেয়ার করা একটি ভিডিও এবং সংশ্লিষ্ট মন্তব্য নিয়ে নেটিজেন ও চিকিৎসকদের একাংশের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন আনুশকা। ভিডিওটিতে হোমিওপ্যাথি চিকিৎসক রাজন শঙ্করন এবং শিল্পোদ্যোগী নমিতা থাপার আধুনিক স্বাস্থ্যব্যবস্থায় হোমিওপ্যাথির ভূমিকা নিয়ে আলোচনা করেন। আলোচনায় বিভিন্ন চিকিৎসা পদ্ধতির সহাবস্থান ও সমন্বয়ের গুরুত্ব তুলে ধরা হয়।
ভিডিওতে রাজন শঙ্করন বলেন, হোমিওপ্যাথি কোনো নির্দিষ্ট রোগ নয়, বরং মানুষকে সামগ্রিকভাবে চিকিৎসা করার চেষ্টা করে। মানুষের অভ্যন্তরীণ সুস্থতার মাধ্যমে রোগ নিরাময়ের ওপর গুরুত্ব দেয় এই পদ্ধতি।
ভিডিওটি শেয়ার করে আনুশকা লেখেন, তার সুস্থ জীবনযাপনে হোমিওপ্যাথি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাশাপাশি রাজন শঙ্করনের চিকিৎসা পদ্ধতি ও স্বাস্থ্যবিষয়ক দৃষ্টিভঙ্গির প্রশংসাও করেন তিনি।
তবে পোস্টটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। সমালোচকদের একাংশের দাবি, আধুনিক বৈজ্ঞানিক গবেষণায় হোমিওপ্যাথির কার্যকারিতা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। এমন পরিস্থিতিতে একজন জনপ্রিয় তারকার পক্ষ থেকে এই চিকিৎসা পদ্ধতির প্রচার বিভ্রান্তির সৃষ্টি করতে পারে বলেও মন্তব্য করেন তারা।
অন্যদিকে, অনেক অনুসারী আনুশকার ব্যক্তিগত অভিজ্ঞতাকে সম্মান জানিয়ে তার মত প্রকাশের স্বাধীনতার পক্ষেও মত দিয়েছেন। ফলে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে পক্ষে-বিপক্ষে আলোচনা অব্যাহত রয়েছে।