সম্প্রতি ‘জিন্দেগি উইথ রিচা’ অনুষ্ঠানে অনুপম জানান, তিনি ও তার স্ত্রী কিরণ খের দীর্ঘ চার বছর ধরে একটি উপযুক্ত স্থায়ী বাড়ি খুঁজছিলেন। কিন্তু সময়ের সঙ্গে তিনি উপলব্ধি করেন, এই অন্তহীন দৌড়ে ছুটে চলার কোনো অর্থ নেই।
তার ভাষায়, সম্পদের পেছনে ছুটতে ছুটতে মানুষ জীবনের আসল আনন্দটাই হারিয়ে ফেলছে। তিনি বলেন, “কারো কাছে ১০ কোটি টাকা থাকলে সে ২০ কোটির স্বপ্ন দেখে। তারপর ২৫ কোটি। এই চাওয়া কখনোই শেষ হয় না। মানুষ এখন ঠিকমতো বাঁচতেই ভুলে গেছে।”
অনুপম স্পষ্ট করেছেন, এটি কোনো আর্থিক সমস্যার কারণে নেওয়া সিদ্ধান্ত নয়। বরং মানসিক শান্তি, কম জটিলতা এবং সহজ জীবনযাপনের জন্যই তিনি ভাড়ায় থাকার পথ বেছে নিয়েছেন।
ব্যর্থতা নিয়েও তিনি দিয়েছেন অনুপ্রেরণামূলক বার্তা। তার মতে, ব্যর্থতাই মানুষকে নতুন করে শেখায় এবং আরও শক্তিশালী করে তোলে। জীবনে আত্মগ্লানি এলেও, সেখান থেকেই আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করেন তিনি।
তবে নিজের জন্য সরল জীবন বেছে নিলেও, মায়ের স্বপ্ন পূরণে কোনো কার্পণ্য করেননি এই অভিনেতা। শিমলা-য় মায়ের জন্য একটি বিশাল বাংলো কিনে দিয়েছেন তিনি যা তার ভালোবাসা ও দায়িত্ববোধের এক অনন্য উদাহরণ।