জনপ্রিয় টিকটকার ও কনটেন্ট ক্রিয়েটর অনামিকা ঐশী তাঁর জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। মা হতে যাওয়ার এই খুশির খবরটি তিনি সম্প্রতি একটি অনুষ্ঠানে এবং পরবর্তীতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। শুক্রবার বিকেলে ফেসবুক পেজে বেবিবাম্পসহ একটি ছবি পোস্ট করে ঐশী বিষয়টি নিশ্চিত করেন। ছবির ক্যাপশনে অনাগত সন্তানের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি লেখেন, “আমার ছোট্ট সোনা, তুই আসার আগেই তোকে কতটা ভালোবাসি তা হয়তো কখনো বোঝাতে পারব না। আমি যেন তোর সেরা মা হতে পারি, এটাই ইচ্ছা।”

মডেল ও অভিনেতা রাসেল খানের সঙ্গে গত বছরের ২৭ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন ঐশী। তাঁদের এই পরিণয়ের পেছনে ছিল সাত মাসের প্রেম এবং দীর্ঘ দিনের পরিচয়। ২০২১ সালে পরিচয় হলেও মাঝে কিছুদিন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল তাঁদের, তবে গত বছর পুনরায় ঘনিষ্ঠতা বাড়লে তাঁরা দ্রুত বিয়ের সিদ্ধান্ত নেন। বিয়ের পর থেকেই এই জুটিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন শুভকামনা ছিল, তেমনি একাংশের নেতিবাচক মন্তব্য ও বিদ্রূপেরও শিকার হতে হয়েছে তাঁদের।

বিয়ের সময় সমালোচকদের করা ‘শিয়াল-মুরগি’র মতো কুরুচিকর মন্তব্যের কড়া জবাব দিয়েছিলেন রাসেল খান। তিনি স্পষ্ট করেছিলেন যে, তাঁদের সম্পর্ক কেবল নিছক বিনোদনের জন্য ছিল না, বরং তাঁরা একে অপরের প্রতি দায়বদ্ধ ছিলেন। সব বিতর্ক ও সমালোচনাকে পেছনে ফেলে এখন এই তারকা দম্পতি তাঁদের নতুন অতিথির আগমনের অপেক্ষায় দিন গুনছেন। ঐশীর এই পোস্টে তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।