ভারতের জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-র জনপ্রিয় সঞ্চালক ও বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন শো পরিচালনাকে একটি ‘হৃদয়বিদারক অভিজ্ঞতা’ হিসেবে বর্ণনা করেছেন। ব্যক্তিগত ব্লগে তিনি জানান, প্রতিযোগীদের জীবন সংগ্রামের করুণ গল্পগুলো তাকে মানসিকভাবে এতটাই বিপর্যস্ত করে যে অনেক সময় শো চালিয়ে যাওয়া তার জন্য কঠিন হয়ে পড়ে।
সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে গত ১০ আগস্ট থেকে ‘সোচনা পড়েগা’ থিম নিয়ে শুরু হওয়া ১৭তম আসরে অমিতাভ বচ্চনকে নিয়মিতভাবে নানা প্রেক্ষাপট থেকে আসা প্রতিযোগীদের সঙ্গে গল্প করতে দেখা যাচ্ছে। তবে ব্লগে তিনি লিখেছেন, কিছু প্রতিযোগীর বাস্তব জীবনসংগ্রামের গল্প এতই বেদনাদায়ক যে, সেই অনুভূতিগুলোকে নিজের মধ্যে সামলে রাখা এবং স্বাভাবিকভাবে সঞ্চালনা চালিয়ে যাওয়া দুষ্কর হয়ে ওঠে।
৮৩ বছর বয়সী এই অভিনেতা আরও আবেগ প্রকাশ করে জানান, এসব কথা আর বেশি বাড়াতে চান না, কারণ এতে হয়তো সঞ্চালক হিসেবে চ্যানেলের সঙ্গে তাঁর বোঝাপড়ার কিছু বিষয় ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে পুরো প্রক্রিয়াটিকে একটি হৃদয়বিদারক অভিজ্ঞতা হিসেবে আখ্যা দিয়ে গভীর রাতে ব্লগ শেষ করে তিনি বিশ্রাম নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেন।