বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল জানিয়েছেন, আপাতত বিয়ে করার কোনো ইচ্ছা নেই তাঁর। বরং অবিবাহিত জীবনেই বেশ ভালো আছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আয়োজিত এক প্রশ্নোত্তর পর্বে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিয়ে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।

এক ভক্ত আমিশাকে প্রশ্ন করেন, তিনি কবে বিয়ে করছেন। জবাবে অভিনেত্রী জানান, বিয়ের কোনো পরিকল্পনাই তাঁর নেই। নিজের বর্তমান জীবন নিয়ে তিনি সন্তুষ্ট এবং পরিবার ও বন্ধুদের ভালোবাসায় সুখী। তাঁর ভাষায়, কাছের প্রায় ১০০ জন পরিবার ও বন্ধু তাঁকে ভালোবাসেন, তাই একজন পুরুষ এসে সেই জীবনে পরিবর্তন আনুক, সেটি তিনি চান না।

তবে বর্তমানে বিয়েতে আগ্রহী না হলেও অতীতে প্রেম ও ক্যারিয়ারের মধ্যে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে আমিশাকে। সম্প্রতি ইউটিউবার ও পডকাস্ট সঞ্চালক রণবীর আলাহাবাদিয়ার পডকাস্টে নিজের পুরোনো সম্পর্কের কথা জানান তিনি। অভিনয়জীবন শুরুর আগে একজনের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক ছিল। কিন্তু চলচ্চিত্রে ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নেওয়ার পর সেই সম্পর্ক থেকে সরে আসতে হয় তাঁকে।

আমিশা জানান, সত্যিকারের ভালোবাসা থাকলে একজন সঙ্গী কখনোই অন্যজনের ক্যারিয়ার এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবেন না। নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ক্যারিয়ারের জন্য যেমন অনেক কিছু হারিয়েছেন, তেমনি ভালোবাসার জন্যও কিছু ত্যাগ করেছেন। কখনো ক্যারিয়ারকে প্রাধান্য দিয়ে প্রেম ছেড়েছেন, আবার কখনো ভালোবাসার জন্য অন্য কিছু ত্যাগ করেছেন। এসব অভিজ্ঞতা থেকেই তিনি জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছেন।

অভিনেত্রী আরও জানান, তাঁর সেই সময়কার সঙ্গী ছিলেন দক্ষিণ মুম্বাইয়ের একটি প্রভাবশালী শিল্পপতি পরিবারের সন্তান। পারিবারিক ও শিক্ষাগত দিক থেকে সম্পর্কটি বেশ ভালো হলেও সেই ব্যক্তি চাইতেন না তাঁর সঙ্গী একজন জনপরিচিত অভিনেত্রী হিসেবে কাজ করুন। শেষ পর্যন্ত ভালোবাসার চেয়ে নিজের অভিনয় ক্যারিয়ারকেই বেছে নেন আমিশা প্যাটেল।