ভারতে শিক্ষা খাতের অনিয়ম ও নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে এবার মুখ খুললেন বলিউডের শীর্ষ অভিনেত্রী আলিয়া ভাট। দিল্লিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের পদক্ষেপ ও শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে আবেগঘন বার্তা দিয়ে তিনি বলেছেন, "গত কয়েক দিন ধরে চলতে থাকা ঘটনাগুলো আমার হৃদয় ভেঙে দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক বিবৃতিতে আলিয়া ভাট লেখেন, অটল মনোভাব নিয়ে রাজপথে থাকা প্রতিটি শিক্ষার্থীর পেছনে রয়েছে একেকটি স্বপ্ন, পরিবারের আশা এবং অসংখ্য ত্যাগের গল্প। তারা কেবল নিজেদের অধিকারের লড়াই করছে না, বরং একটি উজ্জ্বল ভবিষ্যৎ এবং আগামী প্রজন্মের জন্য সুন্দর পথ তৈরি করছে।

আন্দোলনটিকে অনুপ্রেরণাদায়ক আখ্যা দিয়ে আলিয়া প্রশ্ন তোলেন, "তাদের এই সংকল্প আমাদের সামনে একটি আয়না তুলে ধরে। আমরা কি সত্যিই সেই মানুষদের কথা শুনছি, যারা আগামী দিনে এই দেশকে নেতৃত্ব দেবে?" বার্তার শেষে শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে তিনি লেখেন ‘শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীদের দ্বারা। ভবিষ্যৎ তাদের।’

উল্লেখ্য, নিট জালিয়াতি ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তর থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের এই বিক্ষোভ আন্দোলন এখন দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। আন্দোলনকারীদের সমর্থনে ইতঃপূর্বে রাজপথে নেমেছেন হুমা কুরেশি, সাকিব সালিমইমরান খান। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে সংহতি প্রকাশ করেছেন সালমান খান-সহ একাধিক তারকা।