২০২৬ সালটি বেশ ব্যস্ততার মধ্য দিয়েই কাটছে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের। চলতি বছরে এখন পর্যন্ত প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার তিনটি সিনেমা। এগুলো হলো ‘ভূত বাংলা’, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ও ‘হাইওয়ান’। বছরের শেষ দিকে আরও একটি সিনেমা মুক্তির কথা রয়েছে। তবে প্রথম দিনের বক্স অফিস আয়ের হিসাবে তিন সিনেমার পারফরম্যান্সে রয়েছে বড় পার্থক্য।

‘ভূত বাংলা’

১৭ এপ্রিল মুক্তি পায় প্রিয়দর্শন পরিচালিত হরর কমেডি ‘ভূত বাংলা’। এতে অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করেছেন ভামিকা গাব্বি, পরেশ রাওয়াল ও রাজপাল যাদব। মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করে ১২ কোটি ২৫ লাখ টাকা। প্রায় ১২০ কোটি টাকা বাজেটের ছবিটির বিশ্বব্যাপী আয় ২৪৭ থেকে ২৮৭ কোটি টাকার মধ্যে বলে জানা গেছে।

‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’

২৬ জুন প্রেক্ষাগৃহে আসে কমেডি সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। ছবিটিতে প্রায় ৩৫ জন অভিনেতা অভিনয় করেছেন। দীর্ঘ সময় পর এই সিনেমার মাধ্যমে অক্ষয় কুমার ও রাবিনা ট্যান্ডনকে আবারও একসঙ্গে পর্দায় দেখা যায়। প্রায় ১২৫ কোটি টাকা বাজেটের ছবিটি প্রথম দিনে আয় করে ১৮ কোটি ৩০ লাখ টাকা। শেষ পর্যন্ত সিনেমাটির বক্স অফিস আয় দাঁড়ায় ১৮৬ কোটি ৮৪ লাখ টাকা।

‘হাইওয়ান’

চলতি বছরে অক্ষয়ের তৃতীয় সিনেমা ‘হাইওয়ান’ মুক্তি পেয়েছে ১১ সেপ্টেম্বর। এতে সাইফ আলি খানসহ আরও কয়েকজন অভিনেতা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। দীর্ঘ সময় পর এই ছবিতে অক্ষয়কে নেতিবাচক চরিত্রে দেখা গেছে। সাইকোপ্যাথ খুনির চরিত্রে অভিনয় করেছেন তিনি। অন্যদিকে সাইফ আলি খানকে দেখা গেছে একজন অন্ধের ভূমিকায়।

দুই তারকার উপস্থিতি সত্ত্বেও বক্স অফিসে শুরুটা আশানুরূপ হয়নি ‘হাইওয়ান’-এর। মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করেছে মাত্র ৩ কোটি টাকা। প্রায় ১৩০ কোটি টাকা বাজেটের এই ছবির প্রথম দিনের আয় তাই অক্ষয়ের চলতি বছরের সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে কম।

বছরের শেষে আরও এক সিনেমা

চলতি বছরের শেষ দিকে অক্ষয় কুমারের আরও একটি সিনেমা মুক্তির কথা রয়েছে। ছবিটির নাম এখনো প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, আনিস বাজমি পরিচালিত একটি পারিবারিক কমেডি সিনেমায় দেখা যেতে পারে তাকে। আগামী ৪ ডিসেম্বর ছবিটি মুক্তির সম্ভাবনা রয়েছে।