বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) থেকে বাসায় ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক সময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী রঞ্জিতা। ছিনতাইকারীর টানে তার কান ছিঁড়ে যায় এবং পরে হাসপাতালে কানে সাতটি সেলাই দিতে হয়েছে।

রোববার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর রামপুরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, বিএফডিসিতে শিল্পী সমিতির নির্বাচন দেখতে গিয়ে ফেরার সময় এই হামলার শিকার হন তিনি।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে এক ভিডিও বার্তায় রঞ্জিতা বলেন, শিল্পী সমিতির নির্বাচন তাদের কাছে বরাবরই উৎসবের মতো। নির্বাচন দেখে রাতে বাসায় ফেরার সময় তিনি অনুভব করেন কেউ তাকে অনুসরণ করছে। আতঙ্কিত হওয়ার মধ্যেই হঠাৎ ছিনতাইকারীরা তার কানের দুল ধরে টান দেয়। মুহূর্তের মধ্যেই তিনি রক্তাক্ত হয়ে পড়েন এবং পরে বুঝতে পারেন তার কান ছিঁড়ে গেছে।

অপ্রত্যাশিত এই ঘটনায় আতঙ্কিত ও বাকরুদ্ধ হয়ে পড়েন অভিনেত্রী। স্থানীয় মানুষের সহায়তায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি রামপুরার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত জটিলতার কারণে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আশির দশকের শেষ দিকে কিংবদন্তি নির্মাতা রাজ্জাক পরিচালিত ‘ঢাকা ৮৬’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় রঞ্জিতার। প্রথম ছবিতেই দর্শকদের নজর কাড়েন তিনি। পরে ‘রাজা মিস্ত্রী’ ও ‘জ্বীনের বাদশা’সহ প্রায় ৩০টি চলচ্চিত্রে অভিনয় করেন। তবে ২০০৫ সালের পর থেকে তাকে আর চলচ্চিত্রে দেখা যায়নি।

বর্তমানে রাজধানীর বনশ্রী এলাকায় বসবাস করছেন রঞ্জিতা। তার সঙ্গে রয়েছেন শারীরিক প্রতিবন্ধী ভাই এবং একমাত্র সন্তান।