কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের চাকরি কেড়ে নেবে এমন আশঙ্কা দিন দিন তীব্রতর হলেও এবার তার প্রত্যক্ষ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে আন্তর্জাতিক বিনোদনজগতেও। এআইয়ের ব্যাপক ব্যবহারের কারণে চীনের জনপ্রিয় স্বল্পদৈর্ঘ্য নাটক (ভার্টিক্যাল শর্ট ড্রামা) শিল্পে কাজ হারিয়ে পথে বসতে শুরু করেছেন অনেক অভিনয়শিল্পী। তাঁদেরই একজন ৩০ বছর বয়সী পরিচিত চীনা অভিনেতা
চীনের জনপ্রিয় মাইক্রো-ড্রামা ইন্ডাস্ট্রিতে ‘দাপুটে সিইও’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন শু পেং। সেন্ট্রাল একাডেমি অব ড্রামা থেকে পড়াশোনা করা এই অভিনেতা জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় দিনে ১৫ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত শুটিংয়ে ব্যস্ত থাকতেন। কিন্তু ২০২৬ সালের প্রথম তিন মাসেই পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। এই সময়ে চীনে প্রকাশিত প্রায় ১ লাখ ২৮ হাজার স্বল্পদৈর্ঘ্য নাটকের মধ্যে ৯৫ শতাংশেরই বেশি (প্রায় ১ লাখ ২২ হাজার) তৈরি হয়েছে এআই প্রযুক্তি ব্যবহার করে।
প্রযুক্তিভিত্তিক এই পরিবর্তনের মুখে হুট করেই অভিনয়ের কাজ হারান শু পেং। কাজ হারিয়ে শেষ পর্যন্ত বড় শহরের শুটিং হাউস ছেড়ে গ্রামের বাড়ি শানডংয়ে ফিরে যেতে বাধ্য হন তিনি। বর্তমানে সেখানে গ্রামের স্থানীয় বাজারে নিজের দাদার সঙ্গে সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন জনপ্রিয় এই অভিনেতা।
তবে জীবনে আসা এই অনাকাঙ্ক্ষিত মোড় নিয়ে বিন্দুমাত্র হতাশা নেই শু পেংয়ের। তিনি বলেন, "অভিনয় একটি পেশামাত্র। কাজ না থাকলে সততার সঙ্গে পরিশ্রম করে জীবিকা চালানোর অন্য পথ খুঁজে নেব। তবে সুযোগ পেলে আবারও অভিনয়ে ফিরতে চাই।"
বিভিন্ন তথ্যমতে, চীনে স্বল্পদৈর্ঘ্য নাটক তৈরিতে এআইয়ের আধিপত্যের কারণে বিনোদন খাতের প্রায় ২০ লাখ মানুষের কর্মসংস্থান এখন ঝুঁকিতে পড়েছে।