আজ ২৭ সেপ্টেম্বর ঢালিউড তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন। বিশেষ এই দিনে ছেলেকে নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন অপু বিশ্বাস।
জয়ের সঙ্গে কেক কাটার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। ছবির সঙ্গে দেওয়া বার্তায় ছেলেকে জীবনের সবচেয়ে বড় উপহার হিসেবে উল্লেখ করে তার জন্য ভালোবাসা ও দোয়া জানিয়েছেন অপু। তাঁর এই আবেগঘন পোস্ট ইতোমধ্যে ভক্তদের নজর কেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে জয়কে জন্মদিনের শুভেচ্ছাও জানাচ্ছেন অনেকে।
এদিকে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত শাকিব খানের সামাজিক যোগাযোগমাধ্যমে জয়ের জন্মদিন উপলক্ষে নতুন কোনো পোস্ট দেখা যায়নি। ফলে এবার ছেলেকে নিয়ে বাবা শাকিবের কোনো বিশেষ বার্তা আসে কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।
এর আগে জয়ের জন্মদিনে ছেলের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন শাকিব। গত বছরও যুক্তরাষ্ট্রে জয়ের সঙ্গে ঘোরাঘুরির একটি ভিডিও প্রকাশ করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি।
২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেয় আব্রাহাম খান জয়। শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালে বিয়ে করেন। ২০১৭ সালে তাদের দাম্পত্য জীবনের বিষয়টি প্রকাশ্যে আসে এবং পরের বছর তাদের বিচ্ছেদ হয়। তবে ছেলে জয়কে ঘিরে দুজনের যোগাযোগ ও পারিবারিক বিভিন্ন মুহূর্ত মাঝেমধ্যেই সামনে এসেছে।
মায়ের ভালোবাসার বার্তার পর এবার শাকিব খানের জন্মদিনের শুভেচ্ছার অপেক্ষায় রয়েছেন তাঁদের ভক্তরা।