বলিউডে তারকাদের ঘিরে প্রাণনাশের হুমকির ঘটনা যেন থামছেই না। সালমান খানের পর এবার হত্যার হুমকি পেয়েছেন বলিউড সুপারস্টার আমির খান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্ট ও ভয়েস নোটে ‘লাভ জিহাদ’ প্রচারের অভিযোগ এনে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বার্তায় কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নামও ব্যবহার করা হয়েছে, যা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ভাইরাল হওয়া ভয়েস নোটে আরজু বিষ্ণোই ও টাইসন বিষ্ণোই নামের দুই ব্যক্তি নিজেদের লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য দাবি করেন। তবে হুমকি বার্তাটির সত্যতা এখনো নিশ্চিত হয়নি। বিষয়টি সামনে আসার পর স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।

মুম্বাই পুলিশের কমিশনার দেবেন ভারতী জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্ট ও ভয়েস নোটের সত্যতা যাচাই করা হচ্ছে। এখন পর্যন্ত আমির খান বা তাঁর টিমের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অন্যদিকে মহারাষ্ট্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যোগেশ কদম বলেন, আমির বর্তমানে বিদেশে রয়েছেন। দেশে ফিরলে তাঁর সঙ্গে যোগাযোগ করা হবে এবং প্রয়োজন হলে নিরাপত্তা জোরদারের বিষয়টি বিবেচনা করা হবে।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নামে প্রাণনাশের হুমকি পেয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। তবে আমির খানকে দেওয়া সাম্প্রতিক হুমকির সঙ্গে ওই গ্যাংয়ের প্রকৃত সম্পৃক্ততা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।